Sylhet Today 24 PRINT

বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি আরব

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৬

কনসালটেন্ট বা রেজিস্ট্রার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মী নেবে সৌদি আরব। এজন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যনেজার মারজান বিন মুবারক আল-মারজানের নেতৃত্ব একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে বৈঠক করছে।

বৃহস্পতিবার মারজান বিন মুবারকের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কক্ষে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বৈঠক হয়। বৈঠকে সৌদিতে কনসালটেন্ট বা রেজিস্ট্রার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রনালয় সূত্র জানায়, সফররত সৌদির এই প্রতিনিধি দল শুক্রবার ঢাকা ত্যাগ করবে। পরবর্তীতে সৌদির আরেকটি ট্যাকনিক্যাল টিম ঢাকায় আসবে এই খাতে কর্মী নেয়ার জন্য। তারা এই প্রতিনিধি দলের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে কর্মী নেবে।

বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সৌদি আরবে ১ হাজার ৫০৪ জন ডাক্তারসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট ২ হাজার ৪৭০ জন ডাক্তার কর্মরত রয়েছেন।

বৈঠকে মন্ত্রী বলেন, ‘সৌদি সরকার বাংলাদেশ থেকে আরো ডাক্তার ও নার্স নিয়োগ করলে দুই দেশই এ ক্ষেত্রে লাভবান হবে।’ পরে তিনি সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাকে বাংলাদেশ সফরের জন্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান।

বৈঠকে মারজান বিন মুবারক সৌদিতে কর্মরত বাংলাদেশি নার্স, ডাক্তার ও অন্যান্য কর্মীদের কাজের প্রসংশা করে বলেন, ‘সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বন্ধুসুলভ। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা সৌদি আরবকে তাদের নিজের দেশের মতো মনে করেন এবং ভালোবাসেন।’

পরে সৌদি প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমইটি ও বোয়েসেলের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এতে বাংলাদেশে স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক এবং নার্স ও ডাক্তারদের সম্পর্কে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া বোয়েসেলের মাধ্যমে পাঠানো বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত নার্স ও ডাক্তারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.