সিলেটটুডে ডেস্ক | ১৭ মে, ২০১৬
নারায়ণগঞ্জে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তোলে কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার পর এবার তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক সভায় একই অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। যদিও যে ছাত্রের বরাত দিয়ে এই অভিযোগ আনা হয় সেই ছাত্র রিফাত জানিয়েছে শিক্ষক শ্যামল কান্তি তাকে ধর্ম নিয়ে আঘাত করে কোন কথা বলেন নি।
গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ রটিয়ে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান। সেলিম ওসমান সংবাদ মাধ্যমকে বলেন, শ্যামল কান্তি ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকাবাসীর রোষ থেকে তাকে বাঁচাতে গিয়েছিলেন তিনি। তবে ভিডিওতে দেখা যায় সাংসদ সেলিম ওসমান নিজেই শিক্ষককে কান ধরে উঠবস করে শাস্তি দিচ্ছিলেন।