Sylhet Today 24 PRINT

২০ মে শিক্ষক লাঞ্ছনার শাস্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে শুক্রবার (২০ মে) সকাল ১১ টায় সারা দেশে কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ জানান, শ্যামল কান্তি ভক্তসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি। সরকার শিক্ষকদের সম্মানের বিষয়টি বিবেচনা করে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় নিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম বলেন,  দেশের অবস্থা এমন যে মানুষ গড়ার কারিগররাও সমাজের একটি মহলের কাছে প্রতিনিয়ত অপমান অপদস্থ হচ্ছেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, বাংলাদেশ কারিগরি কলেজ সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, মহাসচিব অধ্যক্ষ মো. আলী চৌধুরী প্রমুখ। 

উল্লেখ্য,গত শুক্রবার নারয়নগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে স্থানীয় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবস করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.