Sylhet Today 24 PRINT

শিশু রবিউল হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ, রায় ২৬ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

বরগুনার তালতলীতে ১১ বছরের শিশু রবিউল হত্যাকাণ্ডের ৯ মাসের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষে ২৬ মে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এ আদেশ দেন আদালত।

বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক উপস্থাপনের পরে এ আদেশ দেন তিনি।

মামলায় ২৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের বিজ্ঞ বিচারক মামলাটির বিচারকি কার্যক্রম সম্পন্ন করে চলতি মাসের ২৬ মে রায়ের দিন ধার্য করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আখতারুজ্জামান বাহাদুর ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শফিকুর রহমান সোহাগ।

বাদী পক্ষের আইনজীবী আক্তারুজ্জমান বাহাদুর বলেন, শিশু রবিউলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো তার সাক্ষ্য প্রমাণ আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী আদালত রবিউল হত্যার প্রধান আসামি মিরাজকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের লকরার খালে ১১ বছরের শিশু রবিউলকে হত্যা করে ফেলে রাখা হয়। এঘটনায় রবিউলের বাবা অভিযুক্ত মিরাজকে প্রধান আসামি করে মামলা দায়ের করলে মিরাজ ৬ আগস্ট আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.