Sylhet Today 24 PRINT

আসলামের সম্পদে \'বিস্মিত\' দুদক চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৬

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিপুল অর্থ-সম্পদে বিস্ময় প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কার বিতরণ শেষে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, 'আপনারা নিজেরাই দেখেছেন, কত সম্পদ তার (আসলাম চৌধুরী)। এটি আমাদেরও জিজ্ঞাসা, এত সম্পদ তার কীভাবে হল?'

তিনি বলেন, 'শুধু আসলাম চৌধুরী নয়, অনেকের বিষয়েই আমাদের এ প্রশ্নটি রয়েছে। সেগুলো নিয়ে আমরা কাজ করব।'

রূপালী, অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাত সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, শুধু সরকারি  ব্যাংক নয়, বেসরকারি ব্যাংকেও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। যে কোনো ব্যাংকের অর্থই জনগণের অর্থ।

তিনি বলেন, যারা মর্টগেজ না দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন, তাদের ব্যাপারে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

ইকবাল মাহমুদ বলেন, ভয় দিয়ে কোনো কিছু জয় করা যায় না । তাই দুদককে বাঘের সঙ্গে তুলনা করা উচিত নয়। যারা দুর্নীতিবাজ তারাই কেবল দুদকবে ভয় পাবে। কিন্তু সাধারণ মানুষের জন্য এটি আস্থার প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, মানুষকে ভয় দিয়ে নয়, সম্মান ও সততা দিয়ে দুর্নীত প্রতিরোধ করতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে বেশি দরকার দুর্নীতি প্রতিরোধ। সরকার ও সমাজসহ সবাই মিলে একই প্রক্রিয়ায় কাজ না করলে দুর্নীতি স্থায়ীভাবে কমানো যাবে না বলেও মন্তব্য করেন দুদদ চেয়ারম্যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দুর্নীতি দেশের একটি বড় ব্যাধি। এটি দেশের মূল থেকে ক্ষয়ে ক্ষয়ে খাচ্ছে। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে এই দুর্নীতি দমন করা সম্ভব হয়। এজন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. শামসুল আরেফিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.