Sylhet Today 24 PRINT

আপনি বিচার করার কে, সেলিম ওসমানকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার পর সেলিম ওসমান ক্ষমা চাইবেন না বলে দম্ভোক্তি করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সেলিম ওসমানের উদ্দেশে তিনি বলেন, আপনি আঙুল দেখিয়ে বললেন ক্ষমা চাইবেন না। এটা হতে পারে না? আপনি একজন এমপি। এমপির মর্যাদা কিভাবে রাখতে হয়, আপনি জানেন না। এত বড় দম্ভোক্তি ভালো নয়। শুক্রবার (২০ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমি বিশ্বাস করি, এই ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, আমি পার্লামেন্টের সদস্য। এ ধরনের আচরণ একজন পার্লামেন্টের সদস্য করলে আমি লজ্জা পাই, নিজেকে ছোট মনে করি, অপরাধবোধে ভুগি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেই শিক্ষক যদি অন্যায় করেই থাকেন, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতেন। আপনি একজন আইন প্রণেতা হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন কী করে?  আপনি বিচার করার কে? আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একজন সংসদ সদস্য হয়ে প্রকাশ্যে যে কাজটি করেছেন, এটা ক্ষমাহীন অপরাধ।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.