সিলেটটুডে ডেস্ক | ২১ মে, ২০১৬
বগুড়ায় গণশিক্ষা কার্যক্রমের এক প্রশিক্ষকের বিরুদ্ধে ৪০ শিক্ষককে কান ধরতে বাধ্য করার অভিযোগ তুলে তার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে।
মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বগুড়ার সহকারী পরিচালক মিলন দাস জানান, বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই কার্যক্রমের প্রশিক্ষণ বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষকরা।
প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক বেবি রানী মোহন্ত, নিপা রানী দাস, স্বপ্না রানী ও নূপুর রানী দাস অভিযোগ করেন, গত ২১ এপ্রিল প্রধান প্রশিক্ষক কানু বাস ফোঁড় শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় কিছু প্রশ্ন করেন। উত্তর না পারায় কানু বাস সহকারী পরিচালক মিলন দাসের সামনে প্রশিক্ষণ নিতে আসা ৪০ শিক্ষককে কান ধরার নির্দেশ দেন। ভয়ে সবার সামনে তারা সবাই কান ধরেন।
বৃহস্পতিবার ওই শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণের সময় কানু বাস ফোঁড় উপস্থিত হলে তারা ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণ বর্জন করে তার বিচার দাবি করেন বলে সহকারী পরিচালক মিলন দাস জানান। তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত প্রশিক্ষক ক্ষমা চাওয়ায় বেশির ভাগ শিক্ষক মেনে নিয়েছেন। এ বিষয়ে প্রধান কার্যালয়ে ইতিমধ্যে একটি প্রতিবেদনও পাঠানো হয়েছে।
অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম বলেন, চার শিক্ষক একটি অভিযোগপত্র জমা দিলেও পরে দুজন তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন।