সিলেটটুডে ডেস্ক | ২১ মে, ২০১৬
পবিত্র শবে বরাত উপলক্ষে ২২ মে রাতে সব ধরনের আতশবাজি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবে বরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নম্বর-৩/৭৬) ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন। ২২ মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়।