Sylhet Today 24 PRINT

শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার কোন প্রমাণ মেলেনি: শিল্পমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০১৬

শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেছেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোন প্রমাণ পাওয়া যায়নি।

রোববার (২২ মে) সচিবালয়ে শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আমু।

নারায়ণগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তোলে সাংসদ সেলিম ওসমান কর্তৃক শিক্ষক  শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বলেন, "শিক্ষকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কোন অবমাননার সত্যতা নেই"। এ সময় এই শিক্ষককে হত্যার হুমকি দিয়ে ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে প্রশ্ন করা হলে আমু বলেন, "পুলিশ এসব বিষয় খতিয়ে দেখবে"।

তবে শিক্ষক লাঞ্ছনায় সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা সে বিষয়ে কোন মন্তব্য করেন নি তিনি।

তনু হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে তিনি বলেন, প্রথম ময়নাতদন্তে সমস্যা ছিল, দ্বিতীয় ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে, তিনজনের যুক্ত থাকার আলামতও রয়েছে। সে অনুযায়ী পুলিশ কাজ করবে।

কুষ্টিয়ায় বাউলভক্ত হত্যায় আইএস এর দায় স্বীকারের খবরকে আবারও উড়িয়ে দিয়ে তিনি বলেন, "বাংলাদেশে আইএস এর কার্যক্রমের কোন প্রমাণ আমাদের কাছে নেই, এ ধরনের দায় স্বীকারের খবরগুলো ভিত্তিহীন"।

আমির হোসেন আমু বলেন, সাম্প্রতিক সময়ে যে ৩৭টি হত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত। আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত। এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.