সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০১৬
যুদ্ধাপরাধ মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাজুল ইসলাম ও বিএনপিপন্থি আইনজীবী রুহিন ফারহানকে তুরস্ক আইজীবীদের একটি সেমিনারে যেতে বাধা দেয়ায় হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে বিমানের টিকিটের মূল্য ফেরত চাওয়া হয়েছে এ আবেদনে।
তুরস্কের ইস্তাম্বুলের ইন্টারন্যাশাল জুরিস ইউনিয়ন (আইএইউ) নামের একটি সংগঠনের সদস্য এই দুই আইনজীবী।
তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার ওই সেমিনারে যোগ দেয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গেলে তাদের নিষেধ করা হয়। কাতার এয়ারওয়েজ থেকে বিমানের টিকিট কিনেছিলেন তারা। বিমানবন্দরের গেলে তাদের জানানো হয়, তাদের বোর্ডিং পাস দিতে নিষেধ করা হয়েছে।
রোববার এ বিষয়ে আদালতের একটি নির্দেশনা পেয়ে রিট করেন এ দুই আইনজীবী। আজ রিটের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
এর আগে এই সেমিনারে পাঁচবার যোগ দিয়েছেন বলে জানান আইনজীবী তাজুল ইসলাম।
উল্লেখ্য, যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ থেকে নিজেদের রাষ্ট্রদূত সরিয়ে নেয় তুরষ্ক। প্রকাশ্যে নিজামীর ফাঁসি কার্যকরের বিরুদ্ধে অবস্থান নেয় তুরষ্ক। সে দেশের রাষ্ট্রপ্রধানও ফাঁসি কার্যকরের সমালোচনা করেন।