সিলেটটুডে ডেস্ক | ২৩ মে, ২০১৬
উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমকে সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বিকেলে।
দুপুরে নূরজাহান বেগমের দ্বিতীয় মেয়ে রিনা ইয়াসমিনের বেয়াই অর্থাৎ নাতনির শ্বশুর অধ্যাপক নুরুল্লাহ জানান, সোমবার (২৩ মে) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্বজন-শুভানুধ্যায়ী-সহকর্মীরা শহীদ মিনারে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
তিনি আরো জানান, এখন তার মরদেহ রয়েছে নারিন্দার নিজ বাসভবনে। এখানে স্থানীয় পীর সাহেব জামে মসজিদে বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার কথা। এরপর স্বজন-শুভানুধ্যায়ীদের শেষবারের মতো দেখার জন্য নূরজাহানের মরদেহ কিছুক্ষণ রাখা হবে বাসভবনে।
পরবর্তীতে দ্বিতীয় নামাজে জানাজা গুলশান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশে দাফন করা হবে তাকে।
উল্লেখ্য, ফুসফুসে কফ জমে নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ৫ মে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় নূরজাহান বেগমকে। অবস্থার অবনতি হলে ৭ মে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। তারপর থেকে সেখানে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন নারী সাংবাদিকতার এই পথিকৃৎ।