Sylhet Today 24 PRINT

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

পাবনার বেড়া উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্ত। নিহত ছাত্রী চায়না খাতুন উপজেলার পাঁচকোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

রোববার সন্ধ্যায় উপজেলার দক্ষিণচরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে লাশ উদ্ধার করে থানায় এনেছে পুলিশ।   এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনিরুল ইসলাম (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মনিরুল দক্ষিণ চর পেঁচাকোলা গ্রামের টিয়া মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকালে শিশু চায়না খাতুন বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তার স্বজনা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে কাশবনে ওই শিশুটির কাপড় পাওয়া যায়। ওইদিন রাত ৮টার দিকে যমুনা নদীতে ওই মেয়েটির মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। খবর পেয়ে বেড়া থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও তার পরিবারের সদস্যদের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।

বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল, জব্দকৃত আলামত এবং মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.