Sylhet Today 24 PRINT

নিজামীর আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে জমার নির্দেশ

জমা না দিলে ধরে নেয়া হবে শুনানির জন্য উভয়পক্ষই প্রস্তুত আছেন।

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৫

মাবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিলের সারসংক্ষেপ আগামী ৩১ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে আসামি ও রাষ্ট্রপক্ষ- উভয়কেই সারসংক্ষেপ জমা দিতে হবে। জমা না দিলে ধরে নেয়া হবে শুনানির জন্য উভয়পক্ষই প্রস্তুত আছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আপিল বিভাগের কার্যতালিকায় আজ মামলাটি দুই নম্বরে ছিল। সেখানে লেখা ছিল- ‘মতিউর রহমান নিজামী বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’।

আদালতে নিজামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন (অনরেকর্ড), অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

ট্রাইব্যুনালের রায়ের পর আপিলের শুনানির জন্য তিনবারের মতো নিজামীর মামলাটি কার্যতালিকায় এলো। গত ২৩ নভেম্বর মোট ১৬৮টি যুক্তি দেখিয়ে এই আপিল আবেদন করেন নিজামীর আইনজীবীরা।

২০১৪ সালের ২৯ অক্টোবর ওই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে নিজামীর দণ্ড কার্যকর করার আদেশ দেন।

উল্লেখ্য, চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলাতেও নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.