Sylhet Today 24 PRINT

ফেসবুকে হত্যার হুমকি : শ্যামল কান্তির নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কেবিনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তার মানসিক চিকিৎসা করানোরও প্রস্তুতি চলছে। মঙ্গলবার হাসপাতালের মানসিক বিভাগের চিকিৎসক দিয়ে তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করানো হতে পারে বলে জানা গেছে।

সোমবার বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন কেবিনের দায়িত্বে থাকা শাহবাগ থানার এএসআই মিজান। তিনি জানান, ফেসবুকের বেশ কয়েকটি পেজ থেকে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে গত ক’দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের ফলে থানার নির্দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে তিনিসহ চার পুলিশ কনেস্টেবল ও দুই আনসার কনস্টেবল দায়িত্বে রয়েছেন।

এদিকে ঢামেকের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এনামুল করিম জানান, প্রথমিকভাবে শিক্ষকের সিটি স্ক্যান, ইসিজি এবং বুকের এক্সরে করা হয়েছে। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে গতকাল রোববার থেকে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছেন। এ জন্য মঙ্গলবার ঢামকের মানসিক বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

উল্লেখ্য, রোববার ঢামেকে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীকে দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।

গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান কান ধরে উঠবস করতে বাধ্য করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.