Sylhet Today 24 PRINT

৫৪ ধারা অপব্যবহারের অপরাধে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ- সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে।  উচ্চ আদালতের রায় প্রত্যেককে মেনে চলতে হবে। যদি ৫৪ ধারার অপব্যবহারে কোনো অপরাধ হয়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিচার করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিনা পরোয়ানায় গ্রেফতার (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) সংশোধনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় দেন।

হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ডিটেনশন (আটকাদেশ) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবে না। কাউকে গ্রেফার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেফতারের তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে প্রভৃতি।

৫৪  ধারায় বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করে মানুষকে হয়রানি করে, এমন ক্ষেত্রে কী হবে- পুলিশ কিভাবে অ্যারেস্ট করবে এবং কাদের অ্যারেস্ট করতে পারবে ৫৪ ও ১৬৭ ধারায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রতিটি বিষয় ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ৫৪ ধারার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ৫৪ ধারার বাইরে আমরা কিছু করতে পারি না। ৫৪ ধারার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশনা এলে আমরা দেখতে পারবো, কোথায় আমাদের ঘাটতি হচ্ছে। সেটা আমরা দেখে ব্যবস্থা নেবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতারের সময় আপনারা দেখেছেন, এসবি লেখা থাকে, ডিবি লেখা থাকে, র‌্যাব লেখা থাকে, পুলিশ লেখা থাকে, কোটও থাকে। যখন তারা কাজে যান, কোটটা গায়ে পরেই যান।

এ সময় সাংবাদিকেরা বলেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় বিষয়টি মানা হয়নি বলে অভিযোগ আছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভেতরে কিন্তু পরিচয় দিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দলপতি কিন্তু পোশাক পরেই গেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.