সিলেটটুডে ডেস্ক | ১০ মার্চ, ২০১৫
প্রখ্যাত বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড.অভিজিৎ রায় হত্যাকান্ডের আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদন শুনে মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই অনুমতি দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করার এবং জব্দ করা আলামত এফবিআইকে দেওয়ার অনুমতি চেয়েছিলেন।”
গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে জঙ্গি কায়দায় হামলায় নিহত হন অভিজিৎ। বন্যার একটি আঙুল চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই হামলার পর টিএসসির ৫০ গজ উত্তরে ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি ব্যাগ আলামত হিসাবে সংগ্রহ করে পুলিশ।এছাড়া একটি জিন্স প্যান্ট ও কয়েকটি প্যারাসিটামল ট্যাবলেটও পাওয়া যায় ব্যাগের ভেতরে।ল্যাপটপের ওই ব্যাগে কয়েকটি পত্রিকা ভাঁজ করা ছিল, যা চাপাতিগুলো মোড়ানোর কাজে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের ধারণা।