Sylhet Today 24 PRINT

একজনের আঙুলের ছাপে নিবন্ধিত হচ্ছে অন্যজনের সিম!

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬


বায়োমেট্রিক সিম নিবন্ধনে আসা গ্রাহকদের অজান্তে এবং অসাবধানতায় তাদের আঙুলের ছাপ নিয়ে অন্য লোকের সিম নিবন্ধন করছে রেটেইলাররা বলে জানিয়েছেন টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বুধবার (২৫ মে)  বিটিআরসি কার্যলয়ে  এ তথ্য জানান বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সাম্প্রতিক অবস্থা ও অভিযোগ জানাতে একটি শর্ট কোড উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “সিম নিবন্ধনে রিটেইলাররা বিভিন্ন ধরনের প্রতারণার চেষ্টা করছে। গতমাসে আশুলিয়ার একটি ঘটনা ছিল- একজন রিটেইলার গ্রাহকের অসাবধানতার সুযোগে আঙ্গুলের ছাপ নিয়ে একাধিক সিম নিবন্ধন করে।

“ছাপ মিলেনি বলে বারবার ওই গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে বলে সে জানিয়েছে। এ রকম ঘটনা আগেও ঘটেছে। তবে আগে ধরা যেত না, এবার বায়োমেট্রিক হওয়াতে সহজেই তা ধরা যাচ্ছে।”


বুধবার সকাল নাগাদ সব অপারেটর মিলিয়ে ৯ কোটি ৭০ লাখের বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে একজন গ্রাহক কতটি মোবাইল ফোন সিমের মালিক তা এসএমএসে জানানোর প্রক্রিয়া শুরু করছে বিটিআরসি।  

বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর গত ১৬ ডিসেম্বর থেকে আঙ্গুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন।

সরকারের বেঁধে দেওয়া নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। এরপর যেসব সিমের নিবন্ধন থাকবে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

বারী বলেন,  ৩১ মে ‘জিরো আওয়ার’ থেকেই এ সিমগুলো বন্ধ হয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.