Sylhet Today 24 PRINT

এবার মতবিনিময় ডেকেছেন সেলিম ওসমান, বিভিন্ন ধর্মীয় নেতাদেরও আমন্ত্রন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

শিক্ষক লাঞ্ছনার ঘটনার সর্বশেষ প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করতে এবার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন নারায়ণগঞ্জ-৪ (শহর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমান।

বুধবার (২৫ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে  বৃহস্পতিবার মতবিনিময় করার ঘোষণা দেয়া হয়। তবে এবার শুধু সাংবাদিক নয়, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন সম্প্রদায়সহ নারায়ণগঞ্জের সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলবেন।

এর আগে মঙ্গলবার (২৪ মে) সংবাদ সম্মেলন করে ইসলাম ও ধর্ম নিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কটূক্তির ব্যাপারে প্রমাণাদি দেয়ার কথা ছিল সেলিম ওসমানের। কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সভার অজুহাতে ওই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

মতবিনিময় সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার সর্বশেষ প্রেক্ষাপটে নিজের অবস্থান তুলে ধরে বৃহস্পতিবার (২৬ মে) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জের সব শ্রেণি/পেশা/ সম্প্রদায় ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হবে।

এতে আরো উল্লেখ্য করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বা হচ্ছে। ওই ঘটনার সর্বশেষ প্রেক্ষাপটে আমার অবস্থান ব্যাখ্যা করার জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে মতবিনিময় সভার আয়োজন করেছি। আমি আশা করছি সেখানে দলমত নির্বিশেষে ইমাম সমিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্যবসায়ী সমাজ, সর্বদলীয় রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা, স্থানীয় সকল জনপ্রতিনিধি, পেশাজীবি পরিষদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থা ও মহিলা নেতা, নারায়ণগঞ্জ শিক্ষক সমিতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠকরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রেস ক্লাব, নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনসহ সমাজের সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৯ মে একই স্থানে সংবাদ সম্মেলন করে এমপি সেলিম ওসমান বলেন, ওই শিক্ষককে (শ্যামল কান্তি ভক্ত) কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি কার কাছে ক্ষমা চাইব? যিনি আল্লাহকে কটূক্তি করেছেন? তবে আমি লজ্জিত এবং সমাজের কাছে দুঃখিত যে তারা এমন একটি ভিডিও দেখেছেন যাতে তারা আমাকে ভুল বুঝেছেন। এছাড়াও জানিয়েছিলেন তিনি কোনো শিক্ষককে নয় বরং একজন ইসলাম ধর্মের কটূক্তিকারীকে কনধরে উঠবস করিয়েছিলেন। এছাড়াও তিনি শুধু মাত্র শিক্ষকের প্রাণ বাঁচাতে এটা করিয়েছিলেন। এছাড়াও তিনি দাবি করেন, শিক্ষক নিজে থেকেই কান ধরে উঠবস করেন। সেখান তিনি শুধু মাত্র আঙ্গুল নেড়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে চেষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি নিজেই লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চিকিৎসা করিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দেয়ার পর কান ধরে উঠবস করানো হয়। আর এ কাজে নারায়ণগঞ্জ-৪ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সরাসরি মদদ দেন বলে অভিযোগ ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.