Sylhet Today 24 PRINT

বোমা বানাতে গিয়ে কব্জি হারালেন যুবদল নেতা

আবারও বোমা বানাতে গিয়ে আহত হলেন আরেক যুবদল নেতা

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৫

আবারও বোমা বানাতে গিয়ে আহত হলেন আরেক যুবদল নেতা । রংপুর মহনগরীর রবার্টসনগঞ্জ এলাকায় বোমা বানাতে গিয়ে যুবদলের শহর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবের হাতের কব্জি উড়ে গেছে। আহত অবস্থায় তাকে পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ুন কবীর এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘মঙ্গলবার বিকেল ৫টার দিকে রবাটসনগঞ্জে যুবদল নেতা রাসেলের বাসায় বিপ্লব, মিন্টু বোমা বানানোর সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় বিপ্লবের ডান হাতের কব্জি উড়ে যায়। এ খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীসহ পুলিশ ও র‌্যাব-১৩ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে জর্দার কৌটা, তারকাঁটা ও পাথরসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে’।

হুমায়ন কবীর বলেন, ‘পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পায়। এরপর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। এসময় যুবদলকর্মীদের খুঁজতে থাকে। পরে নগরীর নুরপুর মহাদেবপুর এলাকা থেকে আহত অবস্থায় শহর যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লবকে গ্রেপ্তার করে। পুলিশি প্রহরায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

পলাতক যুবদল নেতা রাসেল ও মিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলছে দাবি করে পুলিশের এই কর্মকর্তা  বলেন, ‘যুবদল নেতা ফিরোজ সরকার বিপ্লব সাতমাথা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ছেলে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.