সিলেটটুডে ডেস্ক | ২৬ মে, ২০১৬
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সেলিম ওসমানকে আল্লাহর ওলির বলেছেন বলে খোদ সেলিম ওসমান মত বিনিময় সভায় জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সেলিম ওসমান জানান, গত মঙ্গলবারই সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেদিন তাকে বাধা দিয়েছিলেন তার দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ সেদিন সেলিম ওসমানকে বলেন, ‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো। দেশের কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। সংবাদ সম্মেলন করে কী হবে।’
বৃহস্পতিবারই শিক্ষা মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যাতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোন প্রমাণ পাওয়া যায়নি। উল্টো শিক্ষককে জোর করে পদত্যাগপত্র সই করানোর অভিযোগ উঠে আসে। যে ছাত্রের বরাত দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ সেই ছাত্র একেক সময় একেক কথা বলেও প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত কমিটি।
তবে তদন্ত প্রতিবেদনের দিকে দৃষ্টিগোচর না করেইসেলিম ওসমান যিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সংবাদ সম্মেলনে আবারও বলেছেন, ‘ওই ঘটনায় আমি সেলিম ওসমান রাজনৈতিক শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনার পর মেধা খাটিয়ে পুরো বিষয়টি উপস্থাপন করা হয়েছে।’
এই ঘটনার জন্য দুঃখিত বললেও নিজের আগের অবস্থানের জন্যও কোন অনুতাপ নেই তার। মতবিনিময়ে বলেন, ‘আমার কাছে অনেক প্রমাণ ছিল। সেগুলো আমি সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম। আমি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে চাইলেও আমার দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে সেই সংবাদ সম্মেলন থেকে বিরত থাকি। এরশাদ স্যারের কাছে আমি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো।দেশের কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। সংবাদ সম্মেলন করে কী হবে। তোমার জন্য মানুষ দুই হাত তুলছে। তোমার সঙ্গে দেশের মানুষ আছে, তোমার সঙ্গে আমি আছি, জাতীয় পার্টি আছে, আল্লাহ আছে। তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছো ও থাকো। এখন এসব নিয়ে কথা বলতে যেও না।’
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা হতে পৌনে ৭টা পর্যন্ত ওই মতবিনিময় সভায় তিনি একটানা বক্তব্য রাখেন। নামাজের বিরতির পর ৭টা হতে আবারও মতবিনিময় সভাটি শুরু হয়।
মঙ্গলবার প্রমাণ হাজির করার কথা বললেও আজও তিনি কোন প্রমাণ হাজির করেন নি।
সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ব্যবসায়ী সমাজ, সর্বদলীয় রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা, স্থানীয় সকল জনপ্রতিনিধি, পেশাজীবী পরিষদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থা ও মহিলা নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ শিক্ষক সমিতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে অনেক এলাকা থেকেই দলীয় স্লোগানে সভায় যোগ দেয়।
সভায় মঞ্চে একটি মাত্র চেয়ারই ছিল যেখানে সেলিম ওসমান একা বসেন। সভার শুরুতে কোরআন তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিঠক পাঠ করা হয়।