সিলেটটুডে ডেস্ক | ২৭ মে, ২০১৬
আশুলিয়ায় দুই নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু'জন বান্ধবী। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিল্পবের বাড়ির একটি কক্ষ থেকে এ দুই বান্ধবীর মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই মতিউর রহমান শরীফ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি রুমের দরজা ভেঙে ভিতর থেকে স্মৃতি ও কবিতা নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। একটি ওড়নার মধ্যে দুইজনের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ণ নেই। তাই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তারা কয়েক মাস ধরে ওই এলাকার বিপ্লবের বাড়ির রুম ভাড়া নিয়ে একত্রে বসবাস করে আসছিল ও পাশের শারমিন ও হামীম নামে দুইটি পোশাক কারখানায় কাজ করত। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ও নওগাঁ জেলায়।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
সূত্র: বাংলামেইল।