Sylhet Today 24 PRINT

সন্ত্রাসবাদে অর্থায়ন : সিঙ্গাপুরে ৬ বাংলাদেশি অভিযুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৬

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সে দেশের আদালত। এর মধ্য দিয়ে দেশটির সন্ত্রাসবিরোধী আইনে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে দেশটির পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়, আজ শুক্রবার এ অভিযোগ গঠন করা হয়।

এই ছয় বাংলাদেশি হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।


স্ট্রেইটস টাইমস জানিয়েছে,  শুক্রবার দুপুরে কড়া পাহারার মধ্যে আর্মার্ড ট্রাকে করে তাদের আলাদা গাড়িতে আদালতে নিয়ে যাওয়া হয়।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বাংলাদেশিরা নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে এক গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তারা পুলিশকে বলেছেন,দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনা করছিলেন তারা।

গত এপ্রিলে ওই ছয়জনের সঙ্গে সোহাগ ইব্রাহিম (২৭),শরিফুল ইসলাম (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে সিঙ্গাপুরের পুলিশ। মে মাসের শুরুতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে’ এই বাংলাদেশিদের তারা আটক করেছে।

সিঙ্গাপুর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওই আটজনের মধ্যে ছয়জনকে শুক্রবার আদালতে হাজির করে অভিযোগ দাখিল করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ‘অর্থ সংগ্রহ ও তা সরবরাহের’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.