সিলেটটুডে ডেস্ক | ২৭ মে, ২০১৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি কখনো কোথাও কাউকে কান ধরে উঠবস করাননি । আর সে বিষয়ে কোনো প্রমাণও নেই।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে এসে এমপি সেলিম ওসমানের মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবস করানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শ্যামল কান্তি যদি নাস্তিকও হয় তবুও তাকে কান ধরে উঠবস করানোটা আইনসিদ্ধ নয়। এটা একেবারে সামন্তবাদী ব্যবস্থার মতো। এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবস্থা নিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি জেনারেল একটা কমেন্ট করেছি, আমাদের দেশের রাজনৈতিক, জনপ্রতিনিধিদের মনে রাখা উচিত, আমাদের পাঁচ বছরের অনেক অর্জনও ৫ মিনিটে শেষ হয়ে যেতে পারে খারাপ আচরণের জন্য। আমি এর বাইরে কোনো কথা বলিনি। কে কী বলল এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, আমি সঠিক বিষয় বলেছি কি না।’
বৃহস্পতিবার নারানগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মতবিনিময় সভা ডেকে সাংসদ সেলিম ওসমান এক অটোরিকশা চালককে কানে ধরে ওঠবোসের ঘটনার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘আমি করলেই দোষ। আর ট্রাফিক পুলিশের ভূমিকায় একজন মন্ত্রী একজন মুসলমানকে কানে ধরে ওঠবোস করালেন, সেটার কোনও দোষ নাই।’ তিনি আরও বলেন, ‘বন্দরের ঘটনায় আমি রাজনীতির শিকার বলে মনে করছি। আর সে কারণে আমার সন্দেহ হচ্ছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুর কাজ প্রধানমন্ত্রী বলার পরও কেন শুরু হচ্ছে না।’
এরআগে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় সেলিম ওসমানের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন ওবায়েদুল কাদের।