সিলেটটুডে ডেস্ক | ২৮ মে, ২০১৬
আগামী ৪ জুন (শনিবার) সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কূটনীতিক সূত্র থেকে জানা যায়, জেদ্দায় পৌঁছানোর পর ৫ জুন (রোববার) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সফরকালে সৌদি বাদশাহসহ দেশটির শীর্ষ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও সন্ত্রাস দমন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসবে।
বৈঠকে সৌদিতে বাংলাদেশের শ্রমবাজার সম্পূর্ণ উন্মুক্ত করা, বিনিয়োগ ও সন্ত্রাসবাদ দমনসহ অন্যান্য সহযোগিতা বিষয়ে উভয় সরকার প্রধানের মধ্যে আলোচনা হবে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানায়, এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়সূচি চূড়ান্ত করে বাংলাদেশ সরকারকে জানিয়েছে সৌদি আরব সরকার।
গত বছর শেখ হাসিনাকে জেদ্দা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ওই আমন্ত্রণে সাড়া দিয়েই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।