সিলেটটুডে ডেস্ক | ২৮ মে, ২০১৬
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনীর দাগনভূঞার ৫ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সবগুলো ইউনিয়নে বিজয়ী হয়েছেন। ইউনিয়নগুলোতে আওয়ামী লীগ ভোট পেয়েছে ৫৫০২৭ এবং বিএনপি মাত্র ১৫৯৬ ভোট।
যদিও নির্বাচন শেষ হওয়ার অনেক আগেই বিএনপি মনোনীত প্রার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে ৫ ইউনিয়নেই ভোট বর্জন করেছেন।
দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল মামুন ভোট ৯ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন মাত্র ১৬৪ ভোট।
অন্যান্য ইউপিতেও একই ধরনের ফল হয়েছে। সিন্দুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. নূর নবী পেয়েছেন ১৪ হাজার ৮৬ ভোট। সেখানে বিএনপির কবির আহমদ পেয়ার পেয়েছেন মাত্র ৩৩৯ ভোট।
রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম কাশেদুল হক বাবরের প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬৩। বিপরীতে বিএনপির হাজী নিজাম উদ্দিনের ভোট ৪৯৪টি।
পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাসুদ রায়হানের ৯ হাজার ৭৮৭ ভোটের বিপরীতে বিএনপির নিজাম উদ্দিন হুদনের ভোট মাত্র ৩৬৪টি।
ইয়াকুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল ফোরকান বুলবুল পেয়েছেন ৯ হাজার ৭ ভোট। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী ইয়াছিন হিরণ পেয়েছেন মাত্র ২৩৫ ভোট।