Sylhet Today 24 PRINT

আজ কোনো কথা নয়, আজ মিষ্টি খাওয়ার দিন : রেলমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

মিষ্টি খান, যত পারেন মিষ্টি খেয়ে যান। ভালো মিষ্টি। একেবারে ছানার মিষ্টি। আজ কোনো কথা নয়, আজ মিষ্টি খাওয়ার দিন। আনন্দের মধ্যে মিষ্টিতেই সব কথা মেলে। রাজধানীর স্কয়ার হাসপাতালের একটি কেবিনে বসে এভাবেই অভ্যর্থনা জানালেন সদ্যজাত কন্যা সন্তানের বাবা রেলপথ মন্ত্রী মজিবুল হক।

অভিনন্দন জানাতে যারাই কক্ষে প্রবেশ করছেন-আসছেন, তাদেরকেই মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ৬৯ বছর বয়সী মন্ত্রী মজিবুল হক। কন্যা সন্তান জন্ম দিয়ে তার যেন আনন্দ ধরছে না।

সন্তান হবে জেনে হাসপাতালে এসেছেন সেই সকাল বেলায়। আর যাওয়া হয়নি। এমন আনন্দ-উল্লাসে সব প্রোগ্রাম বাতিল করে হাসপাতালেই রয়ে গেছেন। আত্মীয়স্বজন সবাইকে নিয়ে কুশল বিনিময় করে যাচ্ছেন আগন্তকদের সঙ্গে। মা-মেয়ে সুস্থ আছেন কি-না, তা পর্যবেক্ষণ করছেন প্রতিমুহূর্তে। অন্যদের কাছ থেকে ঘন ঘন খবর নিচ্ছেন।

মন্ত্রী বলেন, ‘এমন আনন্দের কথা ভাষায় প্রকাশ যায় না। ওরা ভালো আছে। মা এবং মেয়ের জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’

মন্ত্রীর দেহরক্ষী মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্যার সেই সকালে এসেছেন। আজ ছুটির দিন। এরপরও সব প্রোগ্রাম বাতিল করা হয়েছে। ৩টা ৩০ মিনিটে স্যারের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তখন থেকেই আত্মীয়স্বজন এবং বিভিন্নজন শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসছেন। স্যার কখন বের হবেন তাও জানি না। আমরাও স্যারের সঙ্গে এমন আনন্দঘন মুহূর্ত বিশেষভাবে উপভোগ করছি।’

শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এর আগে, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। এলএলবি ডিগ্রিধারী হনুফা বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.