Sylhet Today 24 PRINT

নির্বাচনী দায়িত্ব শেষে ট্রলারডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

অতিরিক্ত যাত্রী বোঝাই করায়এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ট্রলার ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে ঘোড়াউত্রা নদীর মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আসমা (৪৫), বিউটি (৩৮), সাবিন আরা (৪৫), মোমেনা (৪০) ও আম্বিয়া খাতুন (৪২)। এদের সবার বাড়ি নিকলী উপজেলায়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মুসতাইন হোসেন জানান, শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার সদস্যসহ অর্ধশতাধিক যাত্রী ট্রলারে মিঠামইন থেকে নিকলী যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, এ ঘটনায় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ নারী আনসার সদস্য ডুবে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.