Sylhet Today 24 PRINT

স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না, মাস্টার বাহিনীর আত্মসমর্পণ স্থগিত

সিলেটটুডে ডেস্ক  |  ২৯ মে, ২০১৬

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় সুত্র জানিয়েছে, বৈরী আবহাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। আত্মসমর্পণের পরবর্তী দিনক্ষণ কবে সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। 

রোববার (২৯ মে) দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‍্যাবের প্রধান বেনজীর আহমেদের উপস্থিতিতে বনদস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ করার কথা ছিল। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বনদস্যুরা তাদের অস্ত্র ও গুলি তুলে  দেয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

আনুষ্ঠানিক অস্ত্র সমর্পনের আগে রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) কাছে এ অস্ত্র জমা দেয় ডাকাত বাহিনীর সদস্যরা। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ মে ‘মাস্টার বাহিনী’ স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের আগ্রহ জানিয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া শেষে আজ (রোববার)আত্মসমর্পণের দিনক্ষণ চূড়ান্ত  হয়।


স্থানীয় সূত্রে জানা যায়,  মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুল লতিফ একজন মাছ ব্যবসায়ী। ডাকাত মোস্তফার ছোট ভাই কামরুল ২ বছর আগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সুন্দরবনের জেলেদের কাছে ত্রাস ছিল ডাকাত মাস্টার বাহিনী। নৌকা ও জেলেদের জিম্মি করে বড় অংকের টাকা মুক্তিপণ দাবি করতো এই মাস্টার বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.