সিলেটটুডে ডেস্ক | ২৯ মে, ২০১৬
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এবং রেমাক্রী ইউনিয়নের দুর্গম এলাকায় বসবাসরত জুমচাষিদের মৌসুমি খাদ্য ঘাটতি মোকাবিলায় হেলিকপ্টারের মাধ্যমে চাল নেয়া হয়েছে।
রোববার সকাল থেকে হেলিকপ্টারযোগে ১০ মেট্রিক টন চাল এসব দুর্গম এলাকায় পাঠানো হয়েছে।
বান্দরবন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বান্দরবান জেলা প্রশাসক বলেন গণমাধ্যমকে বলেন, ২০১৫ সালে বৈরি আবহাওয়ার কারণে জুমের ফলন ভালো না হওয়ায় চলতি বছরের মার্চ মাস থেকে খাদ্য সংকটে পড়েন দুর্গম এই এলাকার পাহাড়ি জনগোষ্ঠির লোকজন। আর সেটি পূরণের জন্য খাদ্য শস্য পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, হেলিকপ্টারযোগে পাঠানো খাদ্যগুলো রেমাক্রি ইউনিয়নের দলিয়নপাড়া এবং বড়মদক তিন্দু ইউনিয়নের জিন্নাহ পাড়ায় বিতরণ করা হবে। এছাড়াও নৌকাযোগে ২০ মেট্রিক টন চাল দুর্গম এলাকার পাহাড়ি লোকজনের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, থানচির দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের ছোট মোদক, বড় মোদক, সাঙ্গু রিজাভসহ মূলত কয়েকটি এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। আর গত ২৫ মে’ বান্দরবানের থানছি উপজেলার দুর্গম এলাকাগুলোতে চরম খাদ্য সংকটে পড়েছে পাহাড়ি জনগোষ্ঠিরা, শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।