Sylhet Today 24 PRINT

জমি পেলেন বৃক্ষমানব

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

সেই বৃক্ষমানব আবুলের গ্রামের বাড়িতে তিন কাঠা জমি কিনে দিয়েছেন অধ্যাপক ডা. কবির চৌধুরী।

ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনাদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. কবির চৌধুরী একজন।

জানা যায়, অধ্যাপক কবির চৌধুরী আবুলকে মোট ছয় লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে জমির জন্য চার লাখ ২০ হাজার এবং বাকি টাকা তার ঘর বানানোর জন্য।

জমি পেয়ে আবুল বলেন, ‘আমি খুবই আনন্দিত। যা ভাষায় প্রকাশের মতো না। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো সবার কাছে আমি ঋণী হয়ে থাকবো’

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঢামেক বার্ন ইউনিটের পঞ্চম তলায় ওই জমির দলিল হস্তান্তরকালে আবুল এসব কথা বলেন।

আবুল বলেন, একদিকে আমি সুস্থ হওয়ার পথে, অন্যদিকে নতুন জায়গা পেলাম। সুস্থ হয়ে আমি ওই জায়গায় থাকবো।

বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আশা করি আবুল বাজনাদার দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।’

এর আগে চলতি বছরের শুরুতে ট্রি-ম্যান রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আসেন খুলনার পাইকগাছার আবুল বাজনাদার।

এরপর থেকে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.