Sylhet Today 24 PRINT

\'মাস্টার বাহিনীর\' আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৫) ও তার আরও ৯ জন সহযোগী স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে অস্ত্র সমর্পণ করেছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় বাগেরহাটের মংলায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। 

এ সময় ডাকাতদল ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। 

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দ) কর্নেল আনোয়ার হোসেন, খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মো. মনিরুজ্জামান, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম, র‌্যাব-৬ এর অধিনায়ক মো. রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ প্রশাসনরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মংলায় আসেন।গত রোববার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে পরে তা স্থগিত করা হয়।  এরপর থেকে তারা র‌্যাব-৮ এর হেফাজতে ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ‘বনডাকাতরা সমাজের ক্ষতিকর মানুষ হিসাবে রূপ নিয়েছে। এই উপলব্ধি থেকে তারা আজ আত্মসমর্পন করেছে। তারা স্বাভাবিক জীবনে ফিরতে যে কাজ শুরু করেছে সে কাজের জন্য আমরা তাদের সব ধরনের আইনি সহযোগিতা দিয়ে যাবো। সুন্দরবনে জেলে, বাওয়ালী, মৎস্যজীবী, বনজীবী তারা যাতে সুন্দরভাবে কাজ কর্ম পরিচালনা করতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই সুন্দরবনটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয়। এজন্য আমাদের কোস্টগার্ড র‌্যাব, নৌপুলিশ, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। কোস্টগার্ড সাগর ও উপকূলীয় এলাকায় যাতে নির্বিঘ্নে টহল দিতে পারে এজন্য বিদেশ থেকে ৪টি জাহাজ আনা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সুন্দরবনকে নিরাপদ স্থান হিসাবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সুন্দরবনকে একটি পর্যটন জোন হিসাবে গড়ে তুলতে নানা পরিকল্পনার উদ্যোগ নেয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা আত্মসমর্পন করেনি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমরা সব ধরনের সহায়তা করবো।’ এ জন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এদিকে, আত্মসমর্পণ অনুষ্ঠান শুরুর আগে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে সুন্দরবনের অন্যান্য দস্যু বাহিনীও অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরতে উদ্বুদ্ধ হবেন।

তিনি বলেন, আত্মসমর্পণ করা দস্যুদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। তাদের পুলিশে সোপর্দ করা হবে। তবে তাদের সাজা কমিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বিশেষভাবে সহায়তা করা হবে।

র‌্যাবের কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পণকারীরা হলেন- বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মজিদ ওরফে কাদের মাস্টার (৪৭), সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন (৩৭), ফজলু শেখ (৩৫), সোলায়মান শেখ (২৮), মো. শাহিন শেখ (২৮), মো. হারুন (২৪), মো. আরিফ সরদার (২২), মো. আসাদুল ইসলাম কোকিল (২৭), সুমন সরকার (৩৪) ও মো. সুলতান খান (৫৮)।

তাদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায়। তারা সবাই দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.