Sylhet Today 24 PRINT

রাজধানীতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

রাজধানীর ঢাকায় দক্ষিণখান থানা এলাকায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আব্দুল বারেক সরকার (৪০) নামে ওই ব্যক্তিকে কারা, কী কারণে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওই ব্যক্তি নিজের জায়গায় বেশ কয়েকটি ঘর তুলে ভাড়া দিয়েছেন। ভাড়ার টাকা আর জমির ব্যবসা করেই তার দিন চলত।

দক্ষিণখানের মধুবাগ এলাকায় মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে বারেককে হত্যা করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরে আলম জানান।

তিনি বলেন, “মধুবাগ নিপা গার্মেন্টেসের পেছনে ১৩৬/এ নম্বর টিনশেড বাসায় বারেক খুন হন। এসময় বাসায় কেউ ছিল না। তিনি দুপুরে ভাত খেয়ে বিছানায় শুয়ে টিভি দেখছিলেন।”

বিকাল ৪টার দিকে বারেকের এক মেয়ে বাসায় এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

বারেকের মাথায়, গলায়, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নুরে আলম।  

তিনি বলেন, বারেকের দুই স্ত্রী। বড় স্ত্রীকে নিয়ে তিনি এই বাসায় থাকেন। খুনের সময় তার স্ত্রী এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

বারেকের ছোট স্ত্রী গার্মেন্টেসে চাকরি করেন। থাকেন অন্য এক বাসায়।

দক্ষিণখান থানার ওসি লুৎফর রহমান বলেন, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার জানা যায়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.