অনলাইন প্রতিবেদক | ০১ জুন, ২০১৬
বুধবার (১ জুন) বিকাল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই বাজেট পেশ করা হবে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় এই অধিবেশনকে।
এদিকে এই অধিবেশনে বিতর্কিত সাংসদ সেলিম ওসমানের যোগ দেয়া না দেয়া নিয়ে বিভিন্ন মহলে কৌতূলহ তৈরি হয়েছে।
শিক্ষক লাঞ্ছনার পর দেশজুড়ে তীব্র সমালোচিত সেলিম ওসমান বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে যাবেন না বলেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ব্যাপারে বলেছিলেন তাঁর (সেলিম ওসমান) যদি লজ্জা থাকে তবে তিনি সংসদে আর আসবেন না।
এমন পরিস্থিতিতে সেলিম ওসমান কি করেন তা দেখার বিষয়। গুজব রটিয়ে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় এখনো সেলিম ওসমানের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সংসদে অংশ নিতেও তাঁর কোন বাঁধা নেই। তবে সেলিম ওসমানকে সংসদ পদ থেকে অপসারিত করার দাবি জানিয়েছে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠক। এই দাবির পক্ষে সমর্থন দিয়েছে বিএনপিও।
চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন বসবে আজ বুধবার। এটি বর্তমান সরকারের তৃতীয় বাজেট অধিবেশন। বাংলাদেশের ৪৫তম এই বাজেটটি আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট হতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দশম বাজেট ।