Sylhet Today 24 PRINT

‘মাস্টার বাহিনীর’ সদস্যদের আদালতে নেয়া হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৬

মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ জনের বিরুদ্ধে বাগেরহাটের মংলা থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন।

আসামিদের বুধবার দুপুরে বাগেরহাটের বিচারিক হাকিমের আদালতে তোলা হবে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, র‌্যাবের কাছে আত্মসমর্পণ করা ডাকাতদের নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও কামারখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনে তাদের লুকিয়ে রাখা ৫২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে বলে জানান তিনি।

এর আগে ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গতকাল মঙ্গলবার ডাকাত মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৫) ও তার আরো ৯ জন সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র সমর্পণ করে।

আত্মসমর্পণকারীরা হলেন- মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, সেকেন্ড-ইন-কমান্ড সোহাগ আকন, মো. সোলায়মান শেখ, ফজলু শেখ, মো. সুলতান খাঁ, শাহীন শেখ, সুমন সরদার, আরিফ সরদার. মো. হারুন ও আসাদুল ইসলাম ওরফে কোকিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.