Sylhet Today 24 PRINT

রেজিস্ট্রেশনের পরেও সিম বন্ধ: এয়ারটেল কাস্টমার কেয়ারে গ্রাহকরা চড়াও

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের পরেও সিম বন্ধ হয়ে যাওয়ায়  এয়ারটেলের ধানমণ্ডিস্থ কাস্টমার কেয়ার সেন্টারে চড়াও হয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

আজ বুধবার (১ জুন) বেলা সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় এয়ারটেল গ্রাহকরা ধানমণ্ডির ২ নম্বর সড়কের ওই কাস্টমার কেয়ার সেন্টারে কারণ জানতে ভিড় করেন। এসময় তারা এয়ারটেলের দায়িত্বে থাকা কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘রেজিস্ট্রেশনের পরও সিম বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে অভিযোগ নিয়ে এয়ারটেলের ধানমন্ডিস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গ্রাহকরা ভিড় করেন।তাদের জানানো হয়, সার্ভারে সমস্যার কারণে সিম বন্ধ হয়েছে, দুইটা নাগাদ ঠিক হয়ে যাবে। তবে গ্রাহকদের কেউ কেউ উত্তেজিত হয়েছিলেন।

তিনি আরো জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে।

সিম রেজিস্ট্রেশন করা কয়েকজন শিক্ষার্থী জানান, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার পরও গতরাত থেকে সিমটি বন্ধ হয়ে আছে।  বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে কিনা তাও তারা বুঝতে পারছেন না।

এয়ারটেলের গ্রাহক নেহাল আহমেদের, ‘নিবন্ধন করার পরও আমার এয়ারটেল নম্বরটি বন্ধ হয়ে গেছে। এই বিড়ম্বনায় ফেলার মানেটা কী, বুঝলাম না।’

এছাড়াও আরো কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, সঠিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার পরও তাদের সিমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরের এয়ারটেলের এজেন্ট রাসেল জানিয়েছেন, ‘মোহাম্মদপুর, ধানমণ্ডি, শেরে বাংলা নগর, হাজারীবাগ, মিরপুরের কিছু এলাকা, আজিমপুর ও নারায়ণগঞ্জ জেলার সার্ভারে কারিগরি ত্রুটির কারণে এমন হয়েছে।'

তবে দুপুর ২ টা নাগাদ সব ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.