Sylhet Today 24 PRINT

মক্কা-মদীনা রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের সামরিক সহযোগিতার বিষয়টি বাধ্যতামূলক নয় বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মক্কা ও মদিনা নগরীতে অবস্থিত ইসলামি স্থাপনা যদি কোনো কারণে হুমকিতে পড়ে তা রক্ষায় বাংলাদেশ সৈন্য পাঠাতে পারে।
 
আগামী ৩ জুন থেকে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার তিনি এসব  কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, এ সফরে দেশটিতে বাংলাদেশের নারী শ্রমিকদের নিরাপত্তার ওপর জোর দিয়ে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে জাপানে অনুষ্ঠিত বিশ্বের অর্থনৈতিক ও শিল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের গ্রুপ অব সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার আগামী ৩ থেকে ৭ জুন সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার, বিদেশি বিনিয়োগ এবং হজ ব্যবস্থাপনা ইস্যুতে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বাংলাদেশের। এমনকি আইএস বিরোধী সৌদি নেতৃত্বাধীন ৩২ দেশের জোটেও অংশ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরের আগে এ জোটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, ‘সামরিক জোটে বাধ্যতামূলক থাকতে হবে। অংশগ্রহণ করতে হবে। যদি সাহায্য চায় তাহলে দিতে বাধ্য। কিন্তু সেই জিনিসটা এখানে থাকছে না। এটা সম্পূর্ণভাবে ঐচ্ছিক।’

দেশটিতে বর্তমানে ১৩ লাখ পুরুষ এবং ২১ হাজার নারী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। তবে অভিযোগ রয়েছে তাদের ওপর নানা ধরনের নির্যাতনের। এই বিষয়ে সরকার সতর্ক বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যেখানে নারী শ্রমিক কাজ করবেন সেখানে তার পিতাও যেতে পারবেন। অথবা পিতা না থাকলে ভাই যেতে পারবেন এবং তারা সেখানে কাজ করতে পারবেন। তারাও ওই পরিবারে কাজ করতে পারবেন। এটা শুরু হয়েছে দেখা যাক কিভাবে কাজ করছে।’

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো এ সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.