Sylhet Today 24 PRINT

বাজেট বক্তৃতা : কেউ গল্পে মশগুল, কেউ নির্ভার ঘুম

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক দীর্ঘ বক্তৃতার মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন। বিকেল সাড়ে ৩টা থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত দীর্ঘ ওই বক্তৃতায় শুধু আগামী বছরে দেশের কোন কোন খাতে আয় কত হবে আর কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় হবে তারই বিবরণ ছিল। এ বক্তৃতার ভাষা একেবারেই গণিতের। কার ভালো লাগে গণিতের এতসব নিরস কথা শুনতে?

এরই প্রতিফলন ঘটেছে বৃহস্পতিবারের জাতীয় সংসদে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সংসদ কিছুটা ঝিমিয়ে পড়েছিল। কোনো কোনো সাংসদকে এসময় ঘুমাতে দেখা গেছে। অনেক সাংসদই ছিলেন খোশগল্পে মশগুল। অর্থমন্ত্রীর বক্তৃতার ফাঁকে কেউ কেউ একে অপরের সঙ্গে প্রয়োজনী সব কথাও যেন সেরে নিয়েছেন। আবার কেউ কেউ অধিবেশন শেষ হওয়ার আগেই কক্ষ ত্যাগ করে চলে গেছেন। তবে অনেকেই শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছেন। বিশেষ করে বই আকারে সরবরাহকৃত অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পুঙ্খানুপুঙ্খ পড়েছেন।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সংসদে উপস্থিত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনেক সময়ই গল্প করে কাটিয়েছেন।

এছাড়া পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, আসিকুর রহমান এমপি, পূর্তমন্ত্রী মোশারফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরও একান্তে কথা বলেছেন বিভিন্ন সময়ে।

একটু ঘুমিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সহ আরো কয়েকজন। তবে বাজেট বক্তৃতায় শতভাগ মনোযোগী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তৃতার পুরো সময়টাই সংসদে ছিলেন। মনোযোগ দিয়ে অর্থমন্ত্রীর বক্তৃতা শুনেছেন। এমনকি সরবরাহকৃত ছাপানো অর্থমন্ত্রীর বক্তৃতা এমনভাবেই পড়েছেন যে
কোনো কোনো ক্ষেত্রে আন্ডারলাইন করতেও ভুলেননি।

শুধু প্রধানমন্ত্রীই মনোযোগী ছিলেন এমন নয়। মনোযোগী ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী প্রমুখ।

বাজেট বক্তৃতার বিড়ম্বনা এখানেই শেষ নয়। বিকেল সাড়ে ৫টার পর থেকেই দর্শক গ্যালারি একটু একটু করে খালি হতে থাকে। এরই ধারাবাহিকতায় সোয়া ছয়টার সময় দর্শক গ্যালারি প্রায় শূন্য হয়ে যায়। তবে শুধু দর্শক চলে গেছে এমন নয়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংসদ কক্ষের অর্ধেক আসনই খালি হয়ে যায়। 

এরপর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজেলে রাব্বি মিয়া ৬ জুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.