সিলেটটুডে ডেস্ক | ০২ জুন, ২০১৬
নিজেকে এখনও এনালগ দাবি করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো বুঝতেই পারি না। এগুলো এখনো আমার কাছে 'আননোয়িং' (অপরিচিত)।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের ৬ষ্ঠ তলায় সংবাদিক লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল ফোন সেট বের করে তিনি বলেন, 'আমার মোবাইলটাও এনালগ। স্মার্টফোন না। স্মার্ট ফোন একটা টিপলে আর একটা আহে।'
তিনি বলেন, 'আমি টেহাও জমা দেই চেকের মাধ্যমে।' এসময় একজন সাংবাদিক বলেন, 'স্যার সরকার তো ডিজিটাল।' জবাবে তিনি বলেন, 'আমি তো বাবা ডিজিটাল না, এনালগ।'
একজন সাংবাদিক তার জীবনী লেখার কথা জানতে চাইলে বলেন, 'আমার আগে জিল্লুর সাহেব শেষ করতে পারেন নাই, মারা গেছে। আমি শুরু করেছি, মরার আগে করতে পারব কিনা দেখি।'
তিনি বলেন, 'আমি যখন এখান থেকে যাই (রাষ্ট্রপতি হওয়ার আগ মুহূর্তে), তখন ছিলাম ৬৮ কেজি, এখন ৬৯ কেজি।' এই কয়েক বছরে এক কেজি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, 'এই এক কেজি বাড়ছে খোয়াড়ের (নিরাপত্তা বলায়ে থাকার কথা বুঝিয়েছেন) মধ্যে থাকার কারণে।'