Sylhet Today 24 PRINT

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে একটি অভিজাত হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক ধনকুন্ডিতে পৌঁছালে দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সাত পুরুষ যাত্রী নিহত হন।

আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে দুইজন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এতে সব মিলিয়ে নিহত সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

এদিকে, মহাসড়কের ওপর আড়াআড়িভাবে দুর্ঘটনা কবলিত যান দু’টির কারণে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিলো। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.