সিলেটটুডে ডেস্ক | ০৩ জুন, ২০১৬
ফাইল ছবি
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)'র অধীনে নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করে ঢাকা নার্সেস কলেজের সামনে অবস্থান ন্যে বিক্ষোভ করছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) আন্দোলনরত নার্সরা।
শুক্রবার(৩ জুন) সকাল থেকেই তারা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ বিষয়ে সংগঠনের মহাসচিব ফারুক হোসাইন জানান, যতক্ষণ তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।
তিনি বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বেকার নার্সরা এই অপ্রত্যাশিত পরীক্ষা বর্জন করেছে। পরবর্তীতে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার পরিবর্তে আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকেই আন্দোলন করে আসছেন বেকার নার্সরা। তবে নার্সদের সেসব দাবি পাশে রেখেই আজ অনুষ্ঠিত হচ্ছে নার্স নিয়োগ পরীক্ষা।
দাবি আদায়ে জানুয়ারি থেকে নানা কর্মসূচি দিয়ে আসছে বিডিবিএনএ। এরপর সোমবার তারা স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যায়। সর্বশেষ বুধবার প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার সময় আন্দোলনরত বেকার নার্সদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। এতে অর্ধশত নার্স আহত হন।
আন্দোলনরত নার্সরা সেখান থেকে ঢাকা নার্সেস কলেজের সামনে অবস্থান নেন।