সিলেটটুডে ডেস্ক | ০৩ জুন, ২০১৬
ফাইল ছবি
ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করে শুক্রবার সকালে নার্সিং ইনস্টিটিউটের সামনে শত শত নার্স সমবেত হলেও দুপুরের পর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। বর্তমানে সেখানে মাত্র ৫০ জনের মত নার্স অবস্থান করছেন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক জানিয়েছেন, বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর মধ্যে কোনো পুলিশি হামলা হলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। বিকেলের মধ্যে বিভিন্ন স্থান থেকে আরো নার্স এসে কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি।
শহীদ মিনার এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর বিশ্বাস। তিনি বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় আমরা সচেষ্ট। কেউ যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরির করা চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে পুলিশ।’
এদিকে শহীদ মিনার এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। এমন পরিস্থিতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন আন্দোলনরত নার্সরা।
এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সিনিয়র স্টাফ নার্স পদের জন্য লিখিত পরীক্ষা শুরু হলেও সেই পরীক্ষা বর্জন করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পাশে নার্সিং ইনিস্টিটিউটে অবস্থান নেন নার্সরা।
উল্লেখ্য, গত ১ জুন ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে আন্দোলনরত অন্তত ৫ নার্স আহত হলেও উল্টো আন্দোলনকারী ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১ হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে।