Sylhet Today 24 PRINT

তিন মন্ত্রীর দুই মত!

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সরকারের তিন প্রভাবশালী মন্ত্রী ভিন্নমত পোষণ করেছেন। এর মধ্যে দুইজন একমত পোষণ করলেও অন্যজন বলেছেন ভিন্ন কথা।

শুক্রবার বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন ঘটনা ঘটেছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রীরা হলেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সাংবাদিকদের প্রশ্ন ছিল- বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে দেশে বিনিয়োগ কমছে। এর জবাবে প্রথমে উত্তর দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন,‘দেশে বিনিয়োগ বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে। অতীতের তুলনায় বর্তমানে দেশে  বিনিয়োগ বেশি হচ্ছে।’

তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশে বিনিয়োগ ও উন্নয়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে ৭ দশমিক ০৫ শতাংশ হয়। আমাদের বিনিয়োগ বাড়ছে। বর্তমানে দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।’

তবে অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। দুই মন্ত্রীর সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি বলেন, ‘বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও অব্যাহত গুপ্তহত্যার কারণে দেশে বিনিয়োগ কিছুটা কমেছে। আগুন সন্ত্রাস বন্ধ হলেও কিছুদিন ধরে গুপ্তহত্যা চালাচ্ছে বিএনপি। এতে জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে বিনিয়োগে প্রভাব পড়ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.