Sylhet Today 24 PRINT

‘ঈদ ভিসা ক্যাম্প’ শুরু, প্রথম দিনে আগ্রহীদের দীর্ঘ লাইন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

ঈদের ছুটিতে যারা ভারতে বেড়াতে যেতে চান, তাদের জন্য সহজে ভিসার আবেদনের বিশেষ ব্যবস্থা করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। এ লক্ষ্যেই শুরু হয়েছে ‘ঈদ ভিসা ক্যাম্প’। ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন জমা দেয়া যাবে। আগামী ১৬ জুন পর্যন্ত (শুক্রবার বন্ধ) প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এ ক্যাম্প।

শনিবার ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এতে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বহুদিন ধরেই ভারতীয় ভিসা নিতে গিয়ে হয়রানির অভিযোগ করছেন আবেদনকারীরা। ভিসা পাওয়ার জন্য অনলাইন সাক্ষাতের জন্য দালালের খপ্পরে পড়ে অপেক্ষা করা এবং বেশি টাকা খরচ করতে হতো এতোদিন। তাই ভারতের ভিসা কর্তৃপক্ষ সম্প্রতি ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য একটা পদক্ষেপ নেন।

ভারতীয় দূতাবাস জানায়, টুরিস্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস করবে তারা। এসএমএসটি দেখিয়ে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসিতে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীদের নিজের মোবাইল নম্বরসহ অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করার কথা বলা হয়। তারপরও নতুন করে এ ভিসা ক্যাম্পের আয়োজন করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.