Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে ‘প্রকাশ্যে’ গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৬

চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মিতু তার ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেয়ার পরপরই জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা কীভাবে এই হত্যাকাণ্ড করেছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এসপি বাবুল আক্তার চট্টগ্রামে জেএমবির সামরিক প্রধান জাবেদসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পাশাপাশি দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থানটি আবিষ্কার করেছিলেন। সম্প্রতি তাকে হত্যার একাধিক হুমকিও দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.