Sylhet Today 24 PRINT

নারী সাংবাদিককে শ্লীলতাহানির দায়ে বখাটের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

নারী সাংবাদিকের শ্লীলতাহানির দায়ে করা মামলায় এক বখাটের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষনা করেন।

এ সময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডের পাশাপাশি ওই বখাটেকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত, অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি মাহাবুব হাসান রুমী রাজধানীর উত্তর মুগদাপাড়ার বাসিন্দা। রায় ঘোষনার সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে সাজা পরোয়নাসহ কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।  

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আলী আজগর স্বপন। আসামির পক্ষে ছিলেন অ্যডভোকেট  মহিবুর রহমান আপেল। মামলার বিচার চলাকালে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই মোকলেসুর রহমান ২০১৩ সালের ৩১ আগস্ট আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় চার্জশিট দাখিল করেন।

ঘটনার বিবরণে জানা যায়, বাচ্চাদের স্কুলে আনা নেয়ার সময় প্রায়ই আসামি রুমী ও তার বখাটে বন্ধুরা ওই নারী সাংবাদিককে উত্ত্যক্ত করত।

ঘটনার দিন ২০১৩ সালের ২ জুন বখাটেরা ভিকটিমের পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে নারী সাংবাদিক তার প্রতিবাদ জানান।এক পর্যায়ে বখাটেরা তার গায়ে হাত তোলে এবং মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, ঘটনা পুলিশকে জানালে ‘জীবন শেষ করে ফেলবে’।

পরে ওই নারী সাংবাদিক ৮ জুন রুমী ও তার সহযোগী রবুর বিরুদ্ধে মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.