Sylhet Today 24 PRINT

পুকুর নয়, সাগর চুরি হয়েছে : সংসদে অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কিছু কিছু ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, সেটা শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি।

মঙ্গলবার জাতীয় সংসদে ব্যাংক ও আর্থিক খাতের মঞ্জুরি দাবির ওপর আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী একথা বলেন।

সংসদে ২০১৫-১৬ সালের সম্পূরক বাজেটের ওপর দেয়া বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের দেয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অর্থমন্ত্রী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২৩৮ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা মঞ্জুরি বরাদ্দের দাবি তোলেন।

সম্পূরক বাজেট সম্পর্কে বিরোধীদলীয় সদস্যদের সমালোচনার জবাবে তিনি বলেন, প্রকল্প ব্যয় প্রাক্কলিত ব্যয় থেকে বেশি হয়ে যাওয়ায় মঞ্জুরি দাবি এসেছে। যে বাজেট দেয়া হয়েছে, তা যৌক্তিক। তবে এটা ঠিক, দুর্নীতি প্রকল্প ব্যয় বাড়িয়ে দেয়।

দাবির বিরোধিতা করে রুস্তম আলী ফরাজী বলেন, ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়েছে গেছে। সব ব্যাংকের একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকে পচন ধরেছে। ৮০০ কোটি টাকা কর্মকর্তাদের যোগসাজশে চুরি হলো। তিনি আরও বলেন, সব চুরির সঙ্গে ওই ব্যাংকের কর্মকর্তারা জড়িত। পৌনে ৩ লাখ হাজার কোটি পাচার হয়েছে। ৩০ হাজার কোটি টাকা চুরি হয়েছে। এগুলোকে পুকুর চুরি না বলে সাগর চুরি বলা যায়।

এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, 'প্রজেকশনই ইজ প্রজেকশন। এটা পরিবর্তন হতেই পারে। আমরা যেটা দিয়েছি, আগামী তিন মাসে পরে আমাদেরটাই সঠিক হবে। সেটা তারা মেনে নেবে।' তিনি বলেন, 'প্রবৃদ্ধি কোনোভাবেই ৭ দশমিক ৫-এর কম হবে না। আমাদের নিজস্ব গবেষণা আছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো অনেক দক্ষ। আমাদের তথ্য নিয়েই তারা (আন্তর্জাতিক প্রতিষ্ঠান) কাজ করে।'

মঙ্গলবারের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন ও ফখরুল ইমাম জাতীয় পার্টির আমলসহ মোট ১০ বার সংসদে বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় জাতীয় পার্টির ফখরুল ইমামের এক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'এখানে বলা হয়েছে, আমি দু'বার জাতীয় পার্টির বাজেট দিয়েছি। এটা সর্বৈব মিথ্যা।'

তিনি বলেন, 'আমি যখন বাজেট দিয়েছি তখন জাতীয় পার্টির জন্ম হয়নি। আমি দিয়েছি এরশাদ সাহেবের বাজেট, যখন নির্দলীয় সরকার ছিল।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.