Sylhet Today 24 PRINT

অনুমোদন পেল আনিসুজ্জামানের রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক  |  ০৭ জুন, ২০১৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যার প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আনিসুজ্জামান। রাজধানীর অদূরে কেরানীগঞ্জে স্থাপিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির ইংরেজি নাম হবে টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এছাড়াও আরও তিনটি  আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৯৫টি।

জানা গেছে,  বিশ্ববিদ্যালয় অনুমোদনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এখন তাঁরা চিঠি দিয়ে উদ্যোক্তাদের জানিয়ে দেবেন। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

অনুমোদন পাওয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে  ইউনিভার্সিটি অব গ্লোবাল ​ভিলেজ। বরিশালে হতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়ের  উদ্যোক্তা  বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। পরিচালনা পর্ষদের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হেসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ​সুজিত রায় নন্দী ও সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসেন খান।

এছাড়া  নারায়ঙঞ্জে আরেকটি বিশ্ববিদ্যালয় হবে। যার  রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়। এটির উদ্যোক্তা হিসেবে ​লিয়াকত আলী খানের নাম রয়েছে। উল্লেখ্য, এ কে এম শামসুজ্জোহা প্রয়াত রাজনীতিবিদ। যার দুই ছেলে সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান যথাক্রমে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। কিছুদিন আগে দুই দফায় সাত​টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.