Sylhet Today 24 PRINT

গুপ্ত হত্যাকারীরা কেউই রেহাই পাবে না : সংসদে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

‘যারা গুপ্ত হত্যা করছে তাদের বিচার হবেই। তাদের যারা প্রভু তাদেরও রেহাই দেওয়া হবে না। এ ধরনের হত্যা করে যারা দেশের ও একটি পরিবারের যে অপূরণীয় ক্ষতি করেছে তার হিসাব পাই পাই করে  নেওয়া হবে।

বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের (এমপি) সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি ফজিলাতুন নেসা বাপ্পীর ওই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুপ্ত হত্যাকারীরা মসজিদের ইমাম, গির্জা, প্যাগোডায় ধর্মযাজকদের হত্যা করছে। এমনকি শিক্ষককেও হত্যা করেছে। সম্প্রতি একজন পুলিশ অফিসারে স্ত্রীকে হত্যা করেছে, যা আগে কখনও দেখিনি।

‘পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। যিনি (পুলিশ অফিসার বাবুল আক্তার) এই সন্ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন, তার স্ত্রীকে কী নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা  হলো। ছোট্ট শিশুর সামনে এ হত্যা করা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীদের ধরা। বাংলাদেশে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, তাদের গ্রেফতার করছে পুলিশ। এসব ঘটনায় জড়িতরাই এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি বলেন, সম্প্রতি যেসব গুপ্ত হত্যা হচ্ছে তার সবগুলোর প্যার্টান একই রকম। তার ঠিক একই জায়গায় কোপ দেয়, একই ভাবে গুলি করে মারে। একই কায়দায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।

‘এরই মধ্যে জড়িতদের অনেককে  আমরা গ্রেফতার করেছি। এখানে যারা ঘটনা ঘটিয়েছে অবশ্যই তারা গ্রেফতার হবে। এতে কোনো সন্দেহ নাই। আমার একটি কথা হলো আজকে তারা পরিবারে উপর হাত দিয়েছে।’

সূত্র: বাংলানিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.