Sylhet Today 24 PRINT

মিতু হত্যাকাণ্ডে ৩ জন ছাড়াও ছিলো ‘ব্যাকআপ গ্রুপ’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তিন মোটরসাইকেল আরোহী ছাড়াও একটি ‘ব্যাকআপ গ্রুপ’ অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সকালে ফতেয়াবাদ থেকে সাবেক শিবির নেতা আবু নছরকে গ্রেপ্তার করা হয়। গত ৫ জুন রোববার সকালে জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতুকে খুন করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে নছরের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় সমন্বিত একটি টিম কাজ করেছে বলে জানিয়েছেন দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, ‘শুধু তিনজনই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এমন নয়। মাহমুদা খানম মিতু কখন বের হবেন এটা পর্যবেক্ষণ এবং হত্যার পর মোটর সাইকেলে করে যারা পালাবে তাদের ব্যাকআপের জন্য আলাদা গ্রুপ ছিল।’

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আটক ছাত্রশিবিরের সাবেক নেতা আবু নছর গুন্নু (৪০) দুই দফায় মধ্যপ্রাচ্যে ছিলেন। তার বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে অংশ নেয়ার তথ্য আছে। তিনি নিজের পরিচয় আড়াল করতেই মাজারে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছেন দেবদাস ভট্টাচার্য।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা যখন মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছিল, তখন জিইসি মোড়ের দিকে কিছুটা অদূরে দাঁড়িয়ে ছিল একটি কালো মাইক্রোবাস। মিতুর মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার ১০ সেকেন্ডের মাথায় ঘটনাস্থলে আসে মাইক্রোবাসটি। পাঁচ সেকেন্ডের মতো ঘটনাস্থলে দাঁড়িয়ে আস্তে আস্তে চলা শুরু করে মাইক্রোবাসটি।

পরে গোলপাহাড় মোড়ের দিকে চলে যায় ওই মাইক্রোবাস। কালো কাচের এ মাইক্রোর চালকের আসনের পাশের জানালাটা খোলা ছিল। অন্যসব জানালা বন্ধ ছিল। এ কারণেই গোয়েন্দারা মাইক্রোবাসের যাত্রীর সঙ্গে এ খুনের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন।

পুরো এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত। এজন্য এ ঘটনার সঙ্গে শিবিরের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহের কথা জানান সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার।

তিনি বলেন, ‘আমরা আগের হত্যাকাণ্ডের তদন্তে দেখেছি শিবিরের একটি অংশ পর্যায়ক্রমে জেএমবিতে যোগ দেয়। এ কারণেই হত্যাকাণ্ডে জেএমবির সঙ্গে শিবিরও জড়িত ছিল কি না সেটা আমরা খতিয়ে দেখছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.