Sylhet Today 24 PRINT

বাংলাদেশে আইএসের ‘মূল হোতা’ কানাডা প্রবাসী তামিম চৌধুরী!

অনলাইন প্রতিবেদক  |  ০৯ জুন, ২০১৬

তামিম চৌধুরী  নামের এক প্রবাসী বাংলাদেশী বাংলাদেশে উগ্র ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মূল হোতা বলে জানিয়েছে কানাডার সংবাদ মাধ্যম ন্যাশনাল পোস্ট।

ন্যাশনাল পোস্টের খবরে বলা হয়, তামিম চৌধুরী কানাডার উইন্ডসোরের বাসিন্দা। এর আগে তিনি দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় অন্টোরিও রাজ্যের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, তামিম চৌধুরী এখন শেখ আবু ইব্রাহিম আল হানিফ ছদ্মনাম গ্রহণ করেছেন । আইএসের প্রচারমাধ্যম দাবিকের একটি প্রতিবেদনে জঙ্গি তৎপরতায় তামিমের নেতৃত্বের কথা উঠে এসেছে। তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, তামিম বাংলাদেশে জঙ্গিদের নিয়ন্ত্রণ করছেন। জঙ্গিরা দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।  ওই ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাতকারে তামিম জানায়, আমরা হামলার প্রস্তুতি নিচ্ছি। আমাদের যোদ্ধারা তাদের ছুরিতে শান দিচ্ছে। আমরা বাংলাদেশে খিলাফত রাষ্ট্র কায়েম করব।


প্রতিবেদনে বলা হয়, তামিম সম্পর্কে তার আশেপাশের লোকজনের তেমন কোনো ধারণা নেই। সবাই তাকে শান্তশিষ্ট হিসেবেই চেনে। তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি কেউ।


সম্প্রতি বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও জঙ্গিবার বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের উপর গুপ্ত হত্যা চলছে। এসব ঘটনায় আইএস এর দায় স্বীকারের খবর দিয়ে আসছে সাইট ইন্টিলিজেন্স নামক মার্কিন ওয়েবসাইট।
তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব দায় স্বীকার ভিত্তিহীন উল্লেখ করা হয়েছে সব সময়। পুলিশ দেশীয় জঙ্গিদেরই এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয় আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.